উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল
নিজে সরকারে থাকা অবস্থায় বাবার ঠিকাদারি লাইসেন্স করা নিয়ে বিতর্কের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি সামনে আসার পর থেকেই ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে বিভিন্ন মহলে। অবশ্য, এরই মধ্যে বাতিল করা হয়েছে আসিফ মাহমুদের বাবার ঠিকাদারি লাইসেন্সটি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। পোস্টের সঙ্গে লাইসেন্স বাতিলের আদেশের কপিও সংযুক্ত করে দিয়েছেন তিনি।
পোস্টে বিষয়টি নিয়ে আসিফ মাহমুদ লিখেছেন, গতকাল রাত ৯টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের (জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার এর কার্যালয় থেকে ইস্যুকৃত) একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। নিউজও হলো গণমাধ্যমে। নানা আলোচনা-সমালোচনা হচ্ছে বিষয়টি নিয়ে; তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনবোধ করলাম।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
বুধবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড আইডিতে লাইসেন্সের একটি ছবি সংযুক্ত করে এক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা জনাব বিল্লাল হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে। লাইসেন্সটি যাচাই করে দেখা যায়, এ বছরের ১৬ মার্চ নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (কুমিল্লা) লাইসেন্সটি ইস্যু করেন।
তিনি আরও লেখেন, এ বিষয়ে জানতে আমি উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করি। তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান ও কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। পরে তিনি যাচাই করে জানান, লাইসেন্সের বিষয়টি সঠিক, কিন্তু এটা তার জ্ঞাতসারে করা হয়নি। স্থানীয় জনৈক ঠিকাদার তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে প্ররোচিত করেন। তবে এই লাইসেন্সের ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি।

No comments